বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার

স্বাস্থ্য
বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি, একদিনে দুই অস্ত্রোপচার
২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি সফলভাবে সম্পন্ন করার দাবি করেছে ইউনাইটেড হেলথকেয়ার। রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে প্রতিষ্ঠানটির হাসপাতালে ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’ ব্যবহার করে একদিনে দুটি অস্ত্রোপচার করা হয়েছে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) ৫৭ বছর বয়সী এক পুরুষের পিত্তথলির পাথর অপসারণে রোবোটিক কোলেসিস্টেকটমি এবং ৪৫ বছর বয়সী এক নারীর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণের চিকিৎসায় রোবোটিক হিস্টেরেকটমি করা হয়।

মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রথম অস্ত্রোপচারে নেতৃত্ব দেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ও প্রধান পরামর্শক অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। দ্বিতীয় অস্ত্রোপচারটি করেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও প্রধান অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি।

অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, দেশে পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারির সূচনা চিকিৎসাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রোবোটিক ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রের বাহু ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ফলে শরীরের সংকীর্ণ ও জটিল অংশে প্রচলিত পদ্ধতির তুলনায় আরও সূক্ষ্মভাবে অস্ত্রোপচার করা সম্ভব।

তার মতে, এ পদ্ধতিতে কম কাটাছেঁড়া ও রক্তক্ষরণ হতে পারে এবং রোগী তুলনামূলক দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। প্রথম অস্ত্রোপচারের রোগীকে এক থেকে দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে রোবোটিক সার্জারির খরচ প্রচলিত অস্ত্রোপচারের তুলনায় বেশি বলে জানান তিনি। বর্তমানে এ পদ্ধতিতে চিকিৎসা ব্যয় প্রায় দুই থেকে তিন গুণ বেশি হতে পারে। দেশে এর ব্যবহার বাড়লে ভবিষ্যতে খরচ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চিকিৎসকদের মতে, দেশে আধুনিক রোবোটিক সার্জারি চালু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া রোগীদের একটি অংশ এখন দেশেই চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন। এতে রোগীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপও কমতে পারে।

অধ্যাপক রফিকুস সালেহীন জানান, রোবটটি ইউনাইটেড হেলথকেয়ারে আগে থেকেই আনা হয়েছিল। সংশ্লিষ্ট কয়েকজন চিকিৎসক বিদেশে গিয়ে এ প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ নেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে অস্ত্রোপচার শুরু করা হয়েছে।

অধ্যাপক ডা. সামছাদ জাহান শেলি বলেন, প্রতিবেশী কয়েকটি দেশে রোবোটিক সার্জারি চালু থাকলেও বাংলাদেশ এ ক্ষেত্রে এতদিন পিছিয়ে ছিল। এখন ধীরে ধীরে এ প্রযুক্তি চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে হৃদরোগ, নিউরো, ইউরোলজি, জেনারেল সার্জারি, গাইনি ও থোরাসিক সার্জারিতেও রোবোটিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। উন্নত চিকিৎসার জন্য রোগীদের বিদেশমুখিতা কমানোই তাদের অন্যতম লক্ষ্য।

আগের রোবোটিক প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রিমোট রোবোটিক পদ্ধতিতে স্টেন্ট স্থাপনের একটি প্রক্রিয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, সেটিকে পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি বলা যায় না।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ডা. মোফাসসেল উদ্দিন আহমেদ বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্টেন্ট স্থাপনের প্রক্রিয়ার একটি নির্দিষ্ট অংশে রোবটের সহায়তা নেওয়া হয়েছিল। বিপরীতে ইউনাইটেড হেলথকেয়ারে ব্যবহৃত বিশেষায়িত রোবট সরাসরি অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ায় যুক্ত ছিল।

তিনি বলেন, হৃদরোগ ইনস্টিটিউটে ব্যবহৃত রোবটটি প্রদর্শনের জন্য আনা হয়েছিল এবং পরবর্তীতে সেটি দিয়ে ধারাবাহিকভাবে অস্ত্রোপচার করা হয়নি। এ কারণে ইউনাইটেড হেলথকেয়ারে সম্পন্ন হওয়া দুটি অস্ত্রোপচারকে দেশে প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি হিসেবে দাবি করা হচ্ছে।

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ. কিউ. এম. ডা. মোহসিন বলেন, অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেলেও দেশে অনেক ধরনের জটিল চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। রোবোটিক সার্জারি চালুর মাধ্যমে সেই সক্ষমতা আরও বাড়বে এবং ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমানো সম্ভব হবে।