চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট দ্রুত সমাধানসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা লালদীঘির উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ চালিয়ে যাওয়ার কথা রয়েছে।
উদ্বোধনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ছয় দিনই যথেষ্ট ছিল। কিন্তু ছয় মাস পার হলেও জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি। তাদের অভিযোগ, এর মাধ্যমে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করছে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ এবং মানুষের মতপ্রকাশের অধিকার সীমিত করার মাধ্যমে সরকার কর্তৃত্ববাদী পরিবেশ তৈরি করছে।
এ সময় বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন তারা। এসব সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান ১১ দলীয় ঐক্যের নেতারা।


