আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লা’শ উদ্ধার

দেশজুড়ে
আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লা’শ উদ্ধার
৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তাদের স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে। নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে রাত দেড়টার দিকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহত দুজনকে প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী বলে মনে করা হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, তালাবদ্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।