উজানের ঢলে পদ্মায় বাড়ছে পানি, চরাঞ্চলে বন্যার শঙ্কা
পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করায় নদীর চর ও নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পদ্মা নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হওয়া শুরু করেছে। এতে চরাঞ্চলসহ নদীতীরবর্তী নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
মোস্তফা কামাল পলাশ জানান, ১০ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের ফারাক্কায় গঙ্গা নদীর পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছে। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা বিপৎসীমার প্রায় ১ দশমিক ৫০ মিটার ওপরে রয়েছে।
তিনি আরও জানান, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খোলা রয়েছে এবং সেখানে মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে।
মোস্তফা কামাল পলাশের ভাষ্য, ফারাক্কা থেকে বাড়তি পানি প্রবাহের প্রভাবে বাংলাদেশেও পদ্মায় দ্রুত পানি বাড়তে শুরু করেছে। বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে।
এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চর এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি নজরদারি প্রয়োজন বলে সতর্ক করেছেন তিনি।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরাঞ্চলের মানুষের পাশাপাশি ফসলি জমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থায়ও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


