অ্যাপলের নতুন চমক, উন্মোচন হলো আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স

অ্যাপলের নতুন চমক, উন্মোচন হলো আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স
১০ সেপ্টেম্বর ২০২৬

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। নতুন দুই মডেলে পরিবর্তনশীল অ্যাপারচার ক্যামেরা, শক্তিশালী এ২০ প্রো চিপ, উন্নত ব্যাটারি এবং আইওএস ২৭-এর সঙ্গে নতুন সিরি এআইসহ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

নতুন আইফোনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ক্যামেরা বিভাগে। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় প্রথমবারের মতো পরিবর্তনশীল অ্যাপারচার এনেছে অ্যাপল। এর ফলে আলো ও দৃশ্যের গভীরতা বিবেচনায় নিয়ে অ্যাপারচার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যাবে। ব্যবহারকারীরা চাইলে ক্যামেরা অ্যাপ থেকেই চারটি অ্যাপারচার সেটিংয়ের যেকোনোটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবেন।

ছবির সত্যতা যাচাইয়ের জন্য ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ নামে নতুন একটি সুবিধাও যুক্ত করা হয়েছে। রেফারেন্স মোডে ছবি তুললে ক্যামেরার সেন্সর থেকে সংগৃহীত স্বাক্ষরযুক্ত তথ্যের ভিত্তিতে একটি অপরিবর্তনযোগ্য রেফারেন্স ছবি তৈরি হবে। পরবর্তী সময়ে মূল ছবির সঙ্গে সেটি মিলিয়ে ছবিতে কোনো সম্পাদনা করা হয়েছে কি না, তা যাচাই করা যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুই মডেলেই রয়েছে নতুন এ২০ প্রো চিপ। ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে আগের এ১৯ প্রোর তুলনায় ৫০ শতাংশ বেশি মেমোরি ব্যান্ডউইথ রয়েছে। এর সাত-কোর জিপিইউ গ্রাফিকস কর্মক্ষমতা ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম। পাশাপাশি ডুয়াল ১৬-কোর নিউরাল ইঞ্জিন থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কাজেও বাড়তি সক্ষমতা পাওয়া যাবে।

ব্যাটারিতেও উন্নতির দাবি করেছে অ্যাপল। ই-সিম-নির্ভর মডেলে আইফোন ১৮ প্রোতে সর্বোচ্চ ৩৬ ঘণ্টা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। আইফোন ১৮ প্রো প্রায় ১৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইওএস ২৭-এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন সিরি এআই। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, নতুন সিরি ব্যবহারকারীর মেসেজ, ই-মেইল, ছবি ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝতে পারবে। এমনকি স্ক্রিনে থাকা বিষয়বস্তু শনাক্ত করে বিভিন্ন কাজেও সহায়তা করতে পারবে। আইওএস ২৭-এর সঙ্গে সিরি এআই বিটা সংস্করণে চালু হবে।

ডিজাইনেও থাকছে কিছু পরিবর্তন। নতুন মডেল দুটিতে ছোট আকারের ডায়নামিক আইল্যান্ড দেওয়া হয়েছে, যা একই সময়ে সর্বোচ্চ তিনটি লাইভ অ্যাক্টিভিটি প্রদর্শন করতে পারবে।

এ ছাড়া অ্যাপলের নিজস্ব এন১ চিপের মাধ্যমে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ ও থ্রেড সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন সি২ মডেমও থাকছে আইফোন ১৮ প্রো সিরিজে।

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স পাওয়া যাবে কালো, সিলভার, গ্লেসিয়ার ও বারগান্ডি—এই চার রঙে। স্টোরেজ অপশন থাকছে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট।

যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ১৯৯ ডলার থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রাথমিক দাম ১ হাজার ২৯৯ ডলার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৬৫টির বেশি দেশ ও অঞ্চলে প্রি-অর্ডার শুরু হবে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

তবে অ্যাপলের প্রথম দফার বাজারের তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে বাংলাদেশে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের আনুষ্ঠানিক দাম এবং বিক্রির শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি।