হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৩৬
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজনই ঢাকার। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী ভর্তি হয়েছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জন রয়েছেন।
দেড় লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। তাদের মধ্যে ২০ হাজার ২০১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে হামের সংক্রমণ ও উপসর্গজনিত রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও প্রতিদিন হালনাগাদ করা হচ্ছে।


