যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়

যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়
১৬ সেপ্টেম্বর ২০২৬

স্মার্টফোন ব্যবহারের সময় প্রয়োজন না থাকলেও অনেক ফিচার ও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। এসব কার্যক্রমের কারণে ব্যবহারকারীর অজান্তেই ফোনের ব্যাটারি ও মোবাইল ডেটা খরচ হতে পারে। তবে অ্যান্ড্রয়েড ফোনের কিছু সেটিংস পরিবর্তন করে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কার্যক্রম কমানো সম্ভব।

অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার সুবিধা রয়েছে গুগল প্লে স্টোরে। তবে একসঙ্গে অনেক অ্যাপ আপডেট হলে মোবাইল ডেটা ও ব্যাটারি তুলনামূলক বেশি খরচ হতে পারে। প্রয়োজন অনুযায়ী নিজে অ্যাপ আপডেট করতে চাইলে স্বয়ংক্রিয় আপডেট বন্ধ রাখা যায়।

এ জন্য Play Store > Profile picture > Settings > Network preferences > Auto-update apps-এ গিয়ে Don’t auto-update apps নির্বাচন করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফোনের ওয়াই-ফাই বা ব্লুটুথ বন্ধ থাকলেও স্ক্যানিং ফিচার আশপাশের নেটওয়ার্ক ও ডিভাইস শনাক্ত করতে পারে। লোকেশন নির্ভুলভাবে নির্ধারণ বা কাছাকাছি ডিভাইস খুঁজে বের করার ক্ষেত্রে এসব ফিচার কাজে লাগে। তবে সবসময় এগুলো চালু রাখার প্রয়োজন নাও হতে পারে।

স্ক্যানিং বন্ধ করতে Settings > Location > Location Services-এ গিয়ে Wi-Fi scanning এবং Bluetooth scanning বন্ধ করা যায়। এতে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং কিছুটা কমানো সম্ভব।

কোনো অ্যাপ ব্যবহার না করলেও সেটি ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করতে পারে। বিশেষ করে কম ব্যবহৃত শপিং, গেম ও বিনোদনমূলক অ্যাপের ক্ষেত্রে এ ধরনের ডেটা ব্যবহার অনেক সময় প্রয়োজনীয় হয় না।

নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করতে Settings > Apps > সংশ্লিষ্ট অ্যাপ > Mobile data usage-এ গিয়ে Background data বন্ধ করতে হবে। এতে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটা ব্যবহার করতে পারবে না।

অনেক অ্যাপ ব্যবহারের সময় লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন বা কনট্যাক্টস ব্যবহারের অনুমতি চায়। তবে প্রতিটি অ্যাপের জন্য এসব অনুমতি প্রয়োজনীয় নয়। কোনো অ্যাপের কার্যক্রমে প্রয়োজন নেই—এমন পারমিশন বন্ধ করে রাখা যেতে পারে।

এ জন্য Settings > Privacy > Permission Manager-এ গিয়ে প্রয়োজনীয় বিভাগ নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট অ্যাপ বেছে নিয়ে Don’t allow নির্বাচন করা যাবে।

অ্যান্ড্রয়েডের Developer options-এ থাকা Mobile data always active ফিচারটি ওয়াই-ফাই ব্যবহার করার সময়ও মোবাইল ডেটা সক্রিয় রাখে। এর উদ্দেশ্য হলো প্রয়োজন হলে দ্রুত নেটওয়ার্ক পরিবর্তনের সুযোগ দেওয়া। তবে সাধারণ ব্যবহারে সবার জন্য এ সুবিধা প্রয়োজনীয় নাও হতে পারে।

ফিচারটি বন্ধ করতে প্রথমে Settings > About phone > Build number-এ পরপর সাতবার ট্যাপ করে Developer options চালু করতে হবে। এরপর Settings > System > Developer options-এ গিয়ে Mobile data always active বন্ধ করা যাবে।

তবে স্মার্টফোনের ব্র্যান্ড, মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণ অনুযায়ী এসব সেটিংসের নাম বা অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে। তাই কোনো ফিচার বন্ধ করার আগে সেটি নিজের ব্যবহারের জন্য প্রয়োজনীয় কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া উচিত। বিশেষ করে লোকেশন, ব্লুটুথ স্ক্যানিং বা ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করলে কিছু অ্যাপের নির্দিষ্ট সুবিধা সীমিত হতে পারে।