প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নেপালের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

১৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যার পর বাংলাদেশের সহমর্মিতা ও মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। চিঠিতে তিনি ২৬ আগস্ট নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহানুভূতিশীল বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দেশটির জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বালেন্দ্র শাহ বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছে, তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। নেপালের জনগণকে এই মর্মান্তিক পরিস্থিতি কাটিয়ে উঠে নতুন করে জীবন গড়ে তুলতে বাংলাদেশের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

বাংলাদেশ-নেপাল সম্পর্কের প্রসঙ্গ তুলে নেপালের প্রধানমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূল সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে উল্লেখ করে বালেন্দ্র শাহ বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।