স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

জাতীয়
স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ
১৭ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ লক্ষ্যে যত দ্রুত সম্ভব ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপিসহ ২৬টি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট সবাই সম্মত হয়েছেন। তবে ভোট শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠক থেকে পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে কমিশন সভায় আলোচনা করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানিয়েছিল, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে এবং প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর হতে পারে। তবে সেই সময়ই জানানো হয়েছিল, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ উপনির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ ও বিটিআরসির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা, প্রশাসনিক সমন্বয়, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন জাতীয় কর্মসূচির সঙ্গে ভোটের সময়সূচি সমন্বয়ের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।