রাঙামাটি চ্যাম্পিয়নস লীগে টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা

দেশজুড়ে
রাঙামাটি চ্যাম্পিয়নস লীগে টাইব্রেকারে সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন বিলাইছড়ি উপজেলা

উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে রাঙামাটি সদর উপজেলা দলকে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি উপজেলা দল।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি নারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে বিলাইছড়ি উপজেলা চারটি গোল করে, বিপরীতে রাঙামাটি সদর উপজেলা করে দুইটি গোল। এতে ৪–২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে বিলাইছড়ি।

ফাইনালকে ঘিরে দুপুর থেকেই রাঙামাটি নারী স্টেডিয়ামে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। মাঠের দুই প্রান্ত থেকে প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

খেলা শেষে বিজয়ী বিলাইছড়ি উপজেলা দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও নগদ পুরস্কার। রানার্সআপ রাঙামাটি সদর উপজেলা দলকেও ট্রফি, মেডেল ও নগদ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এবং রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, রাঙামাটির তরুণদের মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাঙামাটিতে ফুটবলের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের মতো আয়োজন স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

ভবিষ্যতে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে আরও প্রতিভাবান ফুটবলার উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।

এছাড়া অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টুসহ সেনাবাহিনী, প্রশাসন, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলার ১০ উপজেলার দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল ৮ সেপ্টেম্বর রাঙামাটি মারী স্টেডিয়ামে। টুর্নামেন্টটি রাঙামাটি রিজিয়নের ব্যবস্থাপনায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয়।