মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ৪ প্রাণ, আহত ১

দেশজুড়ে
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ৪ প্রাণ, আহত ১

ছবি: সংগৃহীত

১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর’ বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) ও প্রাইভেটকারচালক সোহেল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাইভেটকারের যাত্রীরা মায়ামি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিলেন। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী বাসটির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

গজারিয়া ফায়ার স্টেশন সূত্র জানায়, শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।