ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ২০০

স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়াল ২০০
২৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে ২০১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪০৫ জন রয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৩১৭ জন এবং খুলনা বিভাগে ২৮০ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হওয়ায় এ বছর এখন পর্যন্ত মোট ২০১ জন প্রাণ হারিয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বাড়তে থাকায় দেশের বিভিন্ন হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।