ইউএনজিএর নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

জাতীয়
ইউএনজিএর নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশের নারী নেতৃত্ব ও বৈশ্বিক পর্যায়ে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে। তাঁর ভাষায়, “নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি নারী নেতৃত্বকে আরও কার্যকর ও দৃশ্যমান করার ওপর গুরুত্ব দেন। বৈশ্বিক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) এবং ইউএন উইমেনের বিশেষ উদ্যোগ। প্ল্যাটফর্মটিতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।

আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধানের পথ খুঁজে বের করাই এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

নারীর রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে শক্তিশালী করা, সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং বৈশ্বিক নীতিনির্ধারণে নারীর ভূমিকা আরও কার্যকর করার বিষয়গুলোও এ ধরনের আয়োজনে গুরুত্ব পায়।

ইউএনজিএর ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমানও বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন।