২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৪৩২
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ৮ মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭১ হাজার ৫৩৬ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে খুলনা বিভাগের ৫ জন, ঢাকা বিভাগের ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজন রয়েছেন।
এদিকে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৩২ রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


