হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪১
সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪১ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৮ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮ জন।
একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। ফলে ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ২১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে মৃত্যুর হিসাবের সময়সীমায় ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখ করে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ওই সময় পর্যন্ত হামের উপসর্গে মোট ৯৯৫ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।


