ডায়ালিসিস সেবা বাড়াতে জেলা পর্যায়ের হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ মেশিন
দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালিসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ের হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়ালিসিস সেবা সম্প্রসারণ করা হবে।
তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। সে সময়ে আনা অনেক চিকিৎসা সরঞ্জামও ব্যবহার উপযোগী ছিল না বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এতে শুধু অর্থ ব্যয় হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার।
এ ছাড়া দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, অনেক সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের সমস্যা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাক বর্জন, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


