কক্সবাজারে সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক

স্বাস্থ্য
কক্সবাজারে সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে গোলটেবিল বৈঠক
৩০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সমন্বিত, টেকসই ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে সরকারি, জাতিসংঘ ও মানবিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কক্সবাজারের আরআরআরসি কনফারেন্স হলে ওপিসিএ ও গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার পাশাপাশি স্বাস্থ্যসেবায় বাস্তব সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে আরআরআরসি (ক্যাম্প-৪ এক্সটেনশন ও ক্যাম্প-৬), অ্যাকশনএইড বাংলাদেশ, ব্র্যাক, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি), ডিপিএইচই, হেলভেটাস বাংলাদেশ, আইএফআরসি, আইওএম, আইআরসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, এনজিও প্ল্যাটফর্ম ও ওয়ার্ল্ড ভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন। কক্সবাজারের সিভিল সার্জনও বৈঠকে উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া ওপিসিএর নির্বাহী পরিচালক মো. আলমগীর এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান তিনি। বৈঠকটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল।

আলোচনায় এফডিএমএন ও স্থানীয় জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন গ্রামীণ হেলথটেকের ইন্টারন্যাশনাল পার্টনারশিপ লিড ড. ফাহরিন হান্নান। মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে পরিস্থিতির বিশদ বিশ্লেষণ এবং প্রযুক্তির মাধ্যমে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ অব রিসার্চ, অ্যানালাইটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ড. হোসেন মো. আল-আমিন।

বৈঠকে অংশগ্রহণকারীরা কক্সবাজার অঞ্চলের বিদ্যমান স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ ও ঘাটতি নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ডিজিটাল স্বাস্থ্যসেবা কীভাবে বিদ্যমান সরকারি স্বাস্থ্যব্যবস্থা ও মানবিক সাড়াদান কার্যক্রমকে আরও কার্যকরভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

এ সময় স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার, রোগী রেফারেল ব্যবস্থা আরও কার্যকর করা, চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা বিদ্যমান উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করে শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও সংযুক্ত ও টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার সম্ভাব্য পথ নিয়েও মতামত দেন।