বিনা টাকায় সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে আগুন, যুবক গ্রেপ্তার

দেশজুড়ে
বিনা টাকায় সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে আগুন, যুবক গ্রেপ্তার

বিনা টাকায় একটি সিগারেট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মো. ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুদি দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে এক যুবক। নৃশংস ও অমানবিক এই ঘটনায় অগ্নিদগ্ধ ওই ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। এদিকে ঘটনার পরপরই পুলিশের তাৎক্ষণিক ও সাঁড়াশি অভিযানে মূল অভিযুক্ত যুবক মো. সুমনকে (৩০) গ্রেপ্তার করেছেন।

শুক্রবার (২অক্টোবর) দুপুরে দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সাহিতপুর বাজারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাহিতপুর বাজারের কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের পাশে ‌”ইসরাত জাহান স্টোর” নামে মুদি দোকান চালাতেন মুহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি কেন্দুয়া উপজেলার চেংজানা গ্রামের মো. সুলতান উদ্দিনের ছেলে। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতে তিনি দোকানে বেচাকেনা করছিলেন। এ সময় একই গ্রামের মৃত কদে নেওয়াজের ছেলে মো. সুমন দোকানে এসে বিনা টাকায় অর্থাৎ বাকীতে সিগারেট দেওয়ার জন্য দোকানদার খলিলের চায়। ইব্রাহিম খলিল তাকে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তর্কাতর্কির এক পর্যায়ে সুমন চরম ক্ষীপ্ত হয়ে ওঠে। দোকানে বিক্রির জন্য রাখা বোতলভর্তি পেট্রল নিয়ে সে আকস্মিকভাবে দোকানের সামনে ও ভেতরে ছিটিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই নিজের কাছে থাকা গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পেট্রলের কারণে দাউদাউ করে জ্বলে ওঠে মুদি দোকানটি। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই গ্রাস করে নেয় দোকানি মুহাম্মদ ইব্রাহিম খলিলকে। স্থানীয়দের মোবাইলে ধারণকৃত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, সারা শরীরে আগুন নিয়ে বাঁচার আকুতিতে চিৎকার করতে করতে দোকান থেকে বেরিয়ে আসছেন মুহাম্মদ ইব্রাহিম খলিল। তার সমস্ত শরীর আগুনে ভয়াবহভাবে ঝলসে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমেই কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দগ্ধ ইব্রাহিম খলিলের ভাই মো. লাদেন মিয়া জানান – তার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আগুনে দোকানের প্রায় পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দুয়া থানা পুলিশ। ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে রাতেই সাঁড়াশি অভিযানে নামে তারা। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই শুক্রবার (২অক্টোবর) মধ্যরাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে পার্শ্ববর্তী সহিলাটি গ্রাম থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

নৃশংস এ ঘটনার পর থেকে সাহিতপুর বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান – অভিযুক্ত সুমনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরের দিকে নেত্রকোণা বিশেষ আদালতে পাঠানো হয়েছে।