পলাতকদের সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

দেশজুড়ে
পলাতকদের সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

৩ অক্টোবর ২০২৬

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে কেউ অপকর্মের চেষ্টা করলে এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন। এরপরও বিচ্ছিন্নভাবে কিছু অপকর্মের চেষ্টা হচ্ছে বলে দাবি করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিরোধী দলের কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, বিএনপি এখন সরকারে রয়েছে এবং ছয় মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ অবস্থায় বিরোধী দল ঘন ঘন মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চ করলে তা কতটা মানানসই, সেটি তাদের বিবেচনা করা উচিত।

নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রচারণার প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, কোনো রাজনৈতিক দল মানুষকে ‘জান্নাত’ দেওয়ার দাবি করতে পারে না। তার ভাষায়, জান্নাত ঈমান ও আকিদার বিষয় এবং তা আল্লাহর হুকুমের ওপর নির্ভরশীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন এবং স্থানীয় নেতাকর্মীরা।