ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ১৬০৮
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৬৯ জনে।
এ সময়ে আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫৬ জন।
মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ৭২ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ৭৮ হাজার ৪৮২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।


