বাংলাদেশে দুই নতুন এনার্জি গাড়ি উন্মোচন করল এমজি
বাংলাদেশের বাজারে নতুন দুই এনার্জি গাড়ি উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। নতুন মডেল দুটি হলো ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ পিএইচইভি এবং সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভি। এর মাধ্যমে দেশে এমজির নিউ এনার্জি গাড়ির লাইনআপ আরও বিস্তৃত হলো।
উন্মোচন অনুষ্ঠানে প্রথমে আত্মপ্রকাশ করে এমজি এস৯ পিএইচইভি। পারিবারিক ব্যবহার ও দীর্ঘদূরত্বের ভ্রমণকে গুরুত্ব দিয়ে তৈরি এই গাড়িতে রয়েছে তিন সারির প্রশস্ত কেবিন। এতে ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে একটি বৈদ্যুতিক মোটর ও ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি রয়েছে।
এমজি জানিয়েছে, এস৯ পিএইচইভি একবার চার্জে ১০০ কিলোমিটারের বেশি বৈদ্যুতিক ড্রাইভিং রেঞ্জ দিতে পারে। পূর্ণ চার্জ ও জ্বালানি ট্যাংক মিলিয়ে গাড়িটির মোট ড্রাইভিং সক্ষমতা ১ হাজার কিলোমিটারের বেশি।
৪ হাজার ৯৮৩ মিলিমিটার দীর্ঘ গাড়িটির হুইলবেস ২ হাজার ৯১৫ মিলিমিটার। তিন সারিতেই যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সারি ভাঁজ করলে লাগেজ ধারণক্ষমতা ২ হাজার ৯৩ লিটার পর্যন্ত বাড়ানো যায়। গাড়িটিতে রয়েছে ১৯০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, প্যানোরামিক সানরুফ, ম্যাসাজ সুবিধাযুক্ত সামনের আসন, তিন-অঞ্চল জলবায়ু নিয়ন্ত্রণ ও স্মার্ট পাওয়ার টেলগেট।
প্রযুক্তিগত সুবিধার মধ্যে রয়েছে দুটি ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, তারবিহীন অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, তারবিহীন স্মার্টফোন চার্জিং এবং ১২ স্পিকারের বোস অডিও সিস্টেম। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং, লেন কিপিং অ্যাসিস্ট, ব্লাইন্ড-স্পট ডিটেকশন, রিয়ার ক্রস-ট্রাফিক অ্যালার্ট ও ৩৬০ ডিগ্রি এইচডি ক্যামেরা।
অন্যদিকে, উন্মোচন অনুষ্ঠানে নতুন সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি এমজি এস৬ ইভিও বাজারে আনা হয়। গাড়িটিতে রয়েছে ৭৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ১৮০ কিলোওয়াট বৈদ্যুতিক মোটর এবং ৩৫০ নিউটন-মিটার টর্ক। ডব্লিউএলটিপি মান অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এর সর্বোচ্চ বৈদ্যুতিক ড্রাইভিং রেঞ্জ ৫৩০ কিলোমিটার।
বাংলাদেশের বাজারে প্রথম ১০০ ইউনিটের জন্য এমজি এস৯ পিএইচইভির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। এরপর গাড়িটির মূল্য হবে ৬৪ লাখ ৯০ হাজার টাকা। আর এমজি এস৬ ইভির প্রথম ১০০ ইউনিটের প্রারম্ভিক মূল্য ৫৩ লাখ ৯০ হাজার টাকা এবং পরবর্তী ইউনিটের মূল্য ৫৪ লাখ ৯০ হাজার টাকা।
দুটি মডেলের সঙ্গেই বিনামূল্যে দুটি ১১ কিলোওয়াটের হোম চার্জিং স্টেশন দেওয়া হচ্ছে। পাশাপাশি উভয় গাড়ির সঙ্গে রয়েছে ৮ বছরের ওয়ারেন্টি।
এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, এস৯ পিএইচইভি দৈনন্দিন যাতায়াতে বৈদ্যুতিক ড্রাইভিংয়ের সুবিধার পাশাপাশি দীর্ঘ ভ্রমণে পেট্রল ইঞ্জিনের নমনীয়তা দেবে। অন্যদিকে, এস৬ ইভি দীর্ঘ রেঞ্জের সম্পূর্ণ বৈদ্যুতিক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা দেবে।


