ডেঙ্গুতে ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

স্বাস্থ্য
ডেঙ্গুতে ৬ জনের মৃ’ত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
৪ অক্টোবর ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম তিন দিনে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৮৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৫৮ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৩৪৭ জন।

ঢাকায় সর্বোচ্চ ভর্তি

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮১৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৪, খুলনায় ৩৩০, বরিশালে ২০৩, রাজশাহীতে ২২৪, ময়মনসিংহে ৯৯ এবং রংপুর বিভাগে ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ক্রমবর্ধমান মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ডেঙ্গু পরিস্থিতির অবনতির দিকটি স্পষ্ট করছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে।