হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

স্বাস্থ্য
হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
৪ অক্টোবর ২০২৬

দেশের সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন ও তদারকির দায়িত্ব পেয়েছেন ৫৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তা। অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তা দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করবেন।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত বুধবার জারি করা এক অফিস আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট হাসপাতালের জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরার বিষয়টিও নিয়মিত তদারকি করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করবেন কর্মকর্তারা।

এ ছাড়া মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে তাদের। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার দায়িত্বও থাকবে এসব কর্মকর্তার।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি জেলা, উপজেলা বা হাসপাতাল পরিদর্শন করতে হবে। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানের সমস্যা, পর্যবেক্ষণ এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করতে হবে।

পরিদর্শন শেষে পাওয়া তথ্য ও সুপারিশ উল্লেখ করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় ওই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত মাঠপর্যায়ের তদারকি বাড়ানোর মাধ্যমে সেবার মান, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।