ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃ’ত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার প্রায় ৪৮ শতাংশ এবং নারীর হার ৫২ শতাংশ।
বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন ভর্তি হয়েছেন। এতে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৮৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৩৩৫ জন।
কোন এলাকায় কত রোগী ভর্তি
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে, সিটি করপোরেশন এলাকা বাদে ৪০১ জন। এরপর খুলনা বিভাগে ৩০৬, চট্টগ্রামে ২৭২, বরিশালে ২১৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮ এবং রংপুর বিভাগে ৬৬ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে চিকিৎসা কার্যক্রমও অব্যাহত রয়েছে।


