ক্যানসার চিকিৎসায় সক্ষমতা বাড়াতে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

স্বাস্থ্য
ক্যানসার চিকিৎসায় সক্ষমতা বাড়াতে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন

ছবি : পিআইডি

৮ অক্টোবর ২০২৬

ক্যানসার চিকিৎসা আরও সহজলভ্য করতে দেশে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন মেশিনগুলোর ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বিভিন্ন স্থানে স্থাপন করা হবে। এতে ঢাকার বাইরে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়বে, রোগীদের ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি রাজধানীর ওপর চাপও কমবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ক্যানসার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ঢাকার বাইরে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার।

এদিকে দেশে রোবটিক সার্জারি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিন আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পাঁচটি চলতি বছর দেশে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সারা দেশে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন নিয়েও পরিকল্পনার কথা জানান তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। মাঠপর্যায়ে প্রচারের পাশাপাশি বাড়ি বাড়ি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং রোগ-পরবর্তী কার্ডিয়াক জটিলতার বিষয় বিবেচনায় চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।