জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, তীব্র নিন্দা জেজেইউর
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।
সংগঠনটির আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা ড. ইউনূসকে হেনস্তা করেন। এ ঘটনাকে অনভিপ্রেত ও নিন্দনীয় আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে জেজেইউ নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং বিগত শাসনামলে গুম, খুনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। এসব ঘটনায় দায়ীদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আইন অনুযায়ী রায় কার্যকরেরও দাবি জানান তাঁরা।
এ ছাড়া আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে ওঠা গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগের আইনসম্মত বিচারপ্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে নেতারা বলেন, রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাবের কারণে কেউ অপরাধের দায় থেকে অব্যাহতি পেতে পারেন না। তবে যেকোনো বিচারপ্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত, গ্রহণযোগ্য প্রমাণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
জেজেইউর মতে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য। দেশের ভেতরে কিংবা বিদেশে- যেখানেই আইনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠুক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে হবে।


