‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, কবে আসবে বাজারে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, কবে আসবে বাজারে
১৬ অক্টোবর ২০২৬

প্রায় এক দশকের অপেক্ষার পর থ্রাস্টারযুক্ত নতুন রোডস্টার উন্মোচন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়িটি প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। ২০২৮ সালে এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

টেক্সাসের ম্যাকগ্রেগারে স্পেসএক্সের একটি স্থাপনায় নতুন রোডস্টারটি প্রদর্শন করা হয়। হিউস্টন শহরের প্রায় ৩৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে আয়োজিত অনুষ্ঠানে টেসলার বহু ভক্ত উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে এমন ক্রেতারাও ছিলেন, যারা গাড়িটি পাওয়ার আশায় প্রায় নয় বছর আগে ২ লাখ ৫০ হাজার ডলার করে অগ্রিম জমা দিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রদর্শনীতে গাড়িটি কয়েকটি ব্যতিক্রমী কসরত দেখায়। এর মধ্যে ছিল উল্টো হয়ে চলা, পাশাপাশি রাখা পাঁচটি টেসলা গাড়ি টপকে যাওয়া এবং স্পেসএক্সের থ্রাস্টার ব্যবহার করে শূন্যে ঘোরার মতো কৌশল। এসব প্রদর্শনীর পরও সাধারণ সড়কে গাড়িটি চালানোর আইনগত অনুমোদন পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে মাস্ক বলেন, ‘এটি এমন একটি গাড়ি হবে, যা সত্যিকার অর্থেই রাস্তায় চলবে।’ পরে তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, গাড়িটি ব্যবহার করা যাবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার সড়ক ও আইনগত বিধিনিষেধের ওপর।

মাস্কের ভাষ্য, সব বিচারব্যবস্থায় গাড়িটি সড়কে চালানোর অনুমোদন পাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এমন একটি গাড়ি তৈরি করা হবে, যার মালিক হওয়া সম্ভব হবে।

গাড়িশিল্পের বিশেষজ্ঞদের মতে, এই আইনি বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, বিশেষ প্রযুক্তিসম্পন্ন কোনো গাড়ি ব্যক্তিগত রেসিং ট্র্যাকে চালানোর জন্য কেনা সম্ভব হলেও সাধারণ সড়কে চলাচলের অনুমোদন পাওয়া আলাদা চ্যালেঞ্জ।

টেসলার দাবি, থ্রাস্টার সক্রিয় থাকলে নতুন রোডস্টারটি স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ দশমিক ৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে মাত্র এক সেকেন্ড সময় নেবে। গাড়িটির সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৩৭০ কিলোমিটার।

তবে গাড়িটির দাম এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। এর আগে প্রাথমিক ক্রেতারা ২ লাখ ৫০ হাজার ডলার করে অগ্রিম জমা দিয়েছিলেন। নতুন রোডস্টারের ব্যাটারির ধারণক্ষমতাও প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টেসলার বর্তমান রোডস্টার মডেলটি একবার পূর্ণ চার্জে প্রায় ৯৯৮ কিলোমিটার চলতে পারে। তবে নতুন মডেলের ক্ষেত্রে একই ধরনের সক্ষমতা থাকবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

২০২৮ সালে বাজারে আনার পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন রোডস্টারটি বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে আলোচনার নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এর চূড়ান্ত বৈশিষ্ট্য, দাম এবং সাধারণ সড়কে চলাচলের অনুমোদন সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।