কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৬ পর্যটকের
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


