কলকাতায় পূজামণ্ডপে পদদলন, প্রাণ হারালেন ২০ জন
ভারতের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার সন্ধ্যায় কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরে বাগান সর্বজনীন পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কলকাতা পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় জমে। একপর্যায়ে প্রবেশপথে হুড়োহুড়ি থেকে পদদলনের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল ও চিকিৎসক দল মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘চোরে বাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে তাঁদের পরিবারের সদস্যদের শক্তি ও সাহসের জন্য প্রার্থনা করছি।’
এক প্রত্যক্ষদর্শী জানান, পদদলনের সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।
আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পূজামণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুব সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তাঁর মেয়ে ও নাতনিও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান তিনি।


