নিখোঁজের ৫দিন পর চুয়াডাঙ্গার জীবননগরে শাহপুরের পুলিশ ক্যাম্পের পাশ থেকে চান আলীর মৃতদেহ উদ্ধার।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বালিগর্ত পাড়া থেকে ৫দিন নিখোঁজের পর চান মিঞা (৫৫) ওরফে চান্দ আলী নামের এক ভ্যানচালকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের পাশে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মাসে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চান্দ আলী আর ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় থেকে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি।
সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহাপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ব্যাটারি চালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নির্জন স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘাতকদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।


