সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ২, বাংলাদেশিসহ আহত ৮
সৌদি আরবের দাম্মাম-রিয়াদ মহাসড়কে যানবাহন চলাচল করছে। ১৯ অক্টোবর, ২০২৬/ রয়টার্স
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন, যাদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক। নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানায়। এর আগে হামলায় একজন নিহত হওয়ার খবর জানানো হলেও পরে মৃত্যুর সংখ্যা বেড়ে দুজনে দাঁড়ায়। আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিক রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিমানবন্দরের কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয়েছে এবং আকাশপথে উড়োজাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে হামলার ধরন ও এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
হামলায় আহত বাংলাদেশিদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


