নিরাপত্তা ত্রুটির কারণে বন্ধ মাইগভ ওয়েবসাইট, অনিশ্চয়তায় ৪৪০ সরকারি সেবা
সরকারি অনলাইন সেবা প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd) পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটি সমাধানে হালনাগাদের কাজ চলায় বন্ধ রাখা হয়েছে। এতে প্ল্যাটফর্মটির আওতাধীন ৪৪০টি সরকারি সেবা গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। সাইটে প্রবেশের চেষ্টা করলে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যাচ্ছে।
সরকারি ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে মাইগভের ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করা হচ্ছে। এ কারণে সাময়িকভাবে সাইটটি বন্ধ রাখা হয়েছে।
ওই কর্মকর্তা জানান, নতুন সংস্করণ চালুর পর ওয়েবসাইটের বিভিন্ন সেবা স্বাভাবিকভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে। মাইগভের অধীনে একাধিক ডোমেইন থাকায় সবগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি আবার চালু করা সম্ভব হবে।
মাইগভের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এ ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন কমে আসে।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মোট ৪৪০টি সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। ওয়েবসাইটটি বন্ধ থাকায় এসব সেবা নিতে আগ্রহী নাগরিকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পিএইচপি ব্যবহার করে বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালিত হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সংশ্লিষ্ট সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ করতে কিংবা ক্ষতিকর কোড চালাতে পারেন।
নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশেও ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংক, কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক এবং বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ রাখার ঘটনা ঘটেছে।
এটুআই সূত্র জানায়, শুরুতে মাইগভের ওয়েবসাইট সচল রেখেই হালনাগাদের কাজ চলছিল। পরে কারিগরি বিবেচনায় ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।


