কোম্পানীগঞ্জে অনুসন্ধান কূপে মিলল গ্যাস, ২০ বছর উত্তোলনের পরিকল্পনা

জাতীয়
কোম্পানীগঞ্জে অনুসন্ধান কূপে মিলল গ্যাস, ২০ বছর উত্তোলনের পরিকল্পনা
৩ নভেম্বর ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সংস্থাটির তথ্য অনুযায়ী, কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে। কূপটি থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বালনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, সরকার ও সংস্থাটির নিজস্ব অর্থায়নে কূপটি খনন করা হয়েছে। বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে গত ৮ জুলাই খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খননের পর কূপটির দুটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, নতুন এই গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। এ আবিষ্কারে শুধু কোম্পানীগঞ্জ নয়, পুরো নোয়াখালীর মানুষ উচ্ছ্বসিত।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের সন্ধান পাওয়া নোয়াখালীবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ আবিষ্কার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, এই গ্যাসসম্পদ কাজে লাগিয়ে কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীতে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দ্রুত শেষ করে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণও যেন এ আবিষ্কারের সুফল পান, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।