জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে যোগ দেবেন তিনি। এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে সরকার।
সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সফরের তারিখ ও সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও সে অনুযায়ী সফরের বিস্তারিত তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী এবার খুবই স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন এবং সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।
পাশাপাশি বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা সম্মেলনে তুলে ধরবে সরকার। এ ক্ষেত্রে জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবিও জানানো হবে।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১।


