নির্বাচনে জোরাজুরি নয়, সব দলের সঙ্গে আলোচনার আহ্বান জামায়াত আমিরের
নির্বাচন নিয়ে কোনো ধরনের জোরাজুরি নয়, বরং অন্তর্বর্তী সরকারের প্রতি সব রাজনৈতিক দলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীতে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের প্রতিপক্ষ নন, তিনি সরকারের অভিভাবক। তাঁকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে অতীতে তামাশা হয়েছে। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই এবার এমন নির্বাচন চাই, যেখানে প্রকৃত জনমত প্রতিফলিত হবে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।”
সংলাপ ও রোডম্যাপ চাইল জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে জামায়াত আমির বলেন, “আমরা বিচলিত না হলেও সতর্ক। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন নয়। সংলাপই হতে পারে উত্তরণের পথ।”
তিনি সরকারকে দ্রুত নির্বাচন ও সংস্কার সংক্রান্ত রোডম্যাপ প্রকাশের আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর ও সেনাবাহিনী ইস্যুতে সতর্কতা
মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে তিনি বলেন, “এগুলো জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। হঠাৎ করে সিদ্ধান্ত নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার প্রয়োজন।”
সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ডে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়, এটা নিশ্চিত করা জরুরি।”


