যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার স্থগিত

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা সাক্ষাৎকার স্থগিত
নিউজ ডেস্ক
২৮ মে ২০২৫

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাইয়ের সময়সীমা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সূত্র জানায়, সোশ্যাল মিডিয়া যাচাইয়ের নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে কনস্যুলেটগুলোকে শিক্ষার্থী ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট না দিতে বলা হয়েছে। এর ফলে অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করা হাজারো শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নিরাপত্তা ও ইমিগ্রেশন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা নিশ্চিত করতে চাই কে আমাদের দেশে প্রবেশ করছে—সে শিক্ষার্থী হোক বা অন্য কেউ। এ জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।”

এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ট্রাম্প প্রশাসন পুনরায় ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নীতিগতভাবে চাপ বাড়ছে বলে মন্তব্য করেন তারা।

গত সপ্তাহেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করে ট্রাম্প প্রশাসন। পরে আদালতের আদেশে সিদ্ধান্তটি আপাতত স্থগিত হয়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করে। ভিসা সাক্ষাৎকার স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থী তাদের শিক্ষাজীবনের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।