“মুজিব” সিনেমায় এক টাকার পারিশ্রমিক ও জমি বিতর্ক নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত এক সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আবারও মুখ খুলেছেন এ নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য শুভ কোনো বাণিজ্যিক মূল্য চাননি—এমন একটি খবর দর্শকদের প্রশংসা কুড়ালেও, পরে রাজউকের পূর্বাচলে জমি বরাদ্দ পাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। এবার তিনি খোলাসা করলেন বাস্তবতা।
শুভ বলেন,
“মাঝেমধ্যে মনে হয়, আমি বুঝি এক টাকা পারিশ্রমিক নিয়ে কোনো অপরাধ করে ফেলেছি! কেউ বলছে জমি নিয়েছি বিনিময়ে, কেউ বলছে গোপন চুক্তি হয়েছে। অথচ আমি নিয়ম মেনেই আবেদন করেছি এবং সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করে জমি পেয়েছি।”
তিনি আরও বলেন,
“রাজউকের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে, ‘শিল্পী কোটায়’ কীভাবে জমি বরাদ্দ দেওয়া হয়। আমার আগে আরও ১৫১ জন শিল্পী এই সুবিধা পেয়েছেন। তাহলে শুধু আমার ক্ষেত্রেই কেন এত গল্প?”
শুভর মতে, সিনেমাটি তাঁর কাছে শুধু একটি চরিত্র নয়, জাতির ইতিহাস বহনকারী একটি দায়িত্ব। পারিশ্রমিকের চেয়ে বড় হয়ে উঠেছিল সেই দায়িত্ববোধ। তিনি বলেন,
“আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল গল্প, টিম, আর ঐতিহাসিক চরিত্রটি পর্দায় তুলে ধরা। শুধু ‘মুজিব’ নয়, আগের কাজ ‘উনিশ ২০’-তেও পুরো চুক্তির টাকা নেইনি।”
আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’, যেখানে দেখানো হয়েছে অনলাইনে অসতর্ক একটি ক্লিক কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে।
শুভ বলেন,
“এই গল্প এখনকার বাস্তবতা। এটি অভিভাবক, তরুণ—সবারই দেখা উচিত। সাহসী বলে করেছি, দরকারি বলে করেছি।”


