যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাতীয়
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৫

যুক্তরাজ্যে চারদিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন ত্যাগ করেন।

চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে- অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনব্যাপী (১০-১৩জুন) যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে বাংলাদেশের পাঁচটি অর্জনের কথা তুলে ধরেন।

প্রেস সচিব যে অর্জনের কথা জানান সেগুলো হলো-

১. রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজার সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক। এটি গত বছরের জুলাই মাসের গণজাগরণ এবং এরপর বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

২. অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য একটি ‘গেম ওভার’ মুহূর্ত।

৩. যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক শীর্ষ হাসিনা-ঘনিষ্ঠ ব্যক্তির ৩২০টি সম্পদ জব্দ করেছে, যার মূল্য ১৭০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এনসিএ জানায়, এটি সংস্থাটির ইতিহাসে এককভাবে সর্ববৃহৎ সম্পদ জব্দের ঘটনা। এটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের, ব্যবসায়ীদের এবং রাজনীতিবিদদের জন্য একটি স্পষ্ট বার্তা। পাশাপাশি, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ উদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

৪. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের একাধিক বৈঠক, যা ভবিষ্যতে সম্পদ পুনরুদ্ধারের জন্য বৈশ্বিক সহযোগিতার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।

৫. রোহিঙ্গা সংকট সমাধানের পথে নতুন আশার আলো।

এদিকে এই সফরে অধ্যাপক ইউনূস ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।