চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ

দেশজুড়ে
চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাঁচটি জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বন্দর সূত্র জানায়, ডলফিন জেটিতে নোঙর করা ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ নামের দুটি জাহাজ থেকে ইতোমধ্যে খালাস কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ থেকে প্রায় ৩৫ হাজার টন এবং ‘এমটি কেপ বনি’ থেকে প্রায় ৩৩ হাজার টন ডিজেল খালাস করা হচ্ছে। অর্থাৎ এই দুই জাহাজ থেকেই মোট প্রায় ৬৮ হাজার টন ডিজেল নামানো হচ্ছে।

এদিকে বন্দরের বহির্নোঙরে আরও তিনটি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে প্রায় ৪১ হাজার টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’তে প্রায় ৩৩ হাজার টন ডিজেল এবং ‘এমটি নাভে সিয়েলো’তে প্রায় ২৭ হাজার টন অকটেন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান চাহিদা বিবেচনায় এসব জ্বালানি দ্রুত দেশের বিভিন্ন ডিপোতে পৌঁছে দেওয়া হবে।

বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, খালাস শেষ হলে পর্যায়ক্রমে জ্বালানি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। এতে জাতীয় মজুত আরও শক্তিশালী হবে এবং বিদ্যুৎ, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।

এছাড়া আরও কয়েকটি জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে দেশের জলসীমায় প্রবেশ করেছে। সেগুলোও শিগগিরই বন্দরে ভিড়ে খালাস কার্যক্রমে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিক এ সরবরাহ বজায় থাকলে নিকট ভবিষ্যতে জ্বালানি সংকটের আশঙ্কা অনেকটাই কমে আসবে।