হাতকড়াসহ পালানোর ২৯ ঘণ্টা পর ঢাকায় গ্রেপ্তার আ.লীগ নেতা কবির খান
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চরভদ্রাসন থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে দোহার থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চরভদ্রাসন থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে কবির খানকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হাতকড়া পরানোর পর মোটরসাইকেলে তোলার সময় তার স্বজন ও সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং একপর্যায়ে কবির খান হাতকড়াসহ পালিয়ে যান।
চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খান জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কবির খান এলাকায় ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


