কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁও, বিধ্বস্ত একাধিক ঘর
হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। ঝড়ের তীব্রতায় গাছ উপড়ে পড়ে অন্তত চারটি পরিবারের ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি অল্প সময়ের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা গেছে, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় প্রবল বাতাসে একটি বড় গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিনের বসতঘরের ওপর। পরিবারের অন্য সদস্যরা দ্রুত বের হয়ে আসতে পারলেও তিনি ঘরের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নিজাম উদ্দিন, লালন, নাজমুল ও নুর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
অন্যদিকে, ঝড় ও শিলাবৃষ্টির প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় কৃষিখাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক দুর্যোগে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


