মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

দেশজুড়ে
মহাসড়কের পাশে মিলল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ
নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা শহরের পানপট্টি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি সরকারি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রামে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম নগরের অলঙ্কার মোড় থেকে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পথিমধ্যে পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয় রাত ২টা ২৫ মিনিটে। সে সময় তিনি জানান, তিনি কুমিল্লা শহরের টমছমব্রিজ চৌরাস্তার এলাকায় অবস্থান করছেন। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শনিবার সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, মরদেহে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডলে কিছুটা রক্তাক্ততা ছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।