গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। একই সঙ্গে বজ্রাঘাতে একটি গরুও মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ফুয়াদ (১৪), রাফি (১২) ও মিজানুর (২০)। নিহত রাফি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আহতদের মধ্যে শামীম (১৮) নামে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় কয়েকজন রাস্তার পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সময়ে কাছাকাছি থাকা একটি গরুও মারা যায়।
ঘটনাটি নিশ্চিত করে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন এবং আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, একই দিনে ফুলছড়ি উপজেলার ফজলপুর ইউনিয়নের বুলবুলির চর এলাকায় আলী আকবর নামে এক কৃষক গরু চরাতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন বলে জানা গেছে।


