‘বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষিকা নয়’
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে মারামারির ঘটনায় আলোচিত আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. আছাদুজ্জামান।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আলেয়া খাতুন হীরাকে শিক্ষক হিসেবে উপস্থাপন করা হলেও তিনি প্রকৃতপক্ষে শিক্ষক নন। তিনি এমপিওভুক্ত ডেমোনেস্ট্রেটর বা ল্যাবরেটরি প্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তদন্তের স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান পরিচালক। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষক প্রতিনিধি পরিষদের সদস্যরাও থাকবেন এবং তারা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবেন।
এছাড়া কলেজের অধ্যক্ষ ও আলেয়া খাতুন হীরার কাছ থেকে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পরিচালক আরও বলেন, আলেয়া খাতুন হীরা সরকারি কর্মকর্তা নন এবং তার শিক্ষক হিসেবে স্থায়ী হওয়ার সম্ভাবনাও কম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি নজরে আসার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তদন্ত কার্যক্রম শুরু করে।


