নেত্রকোণার হাওরে ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধের দাবীতে মানববন্ধন
হাওর বিল নদী ও প্রাকৃতিক জলাশয় থেকে ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সেমাবার সকাল ১১টায় পৌরসভার সামনের সড়কে বেসরকারী সংস্থায় জনউদ্যোগ ও যুব ফোরামের আয়োজনে ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচীতে নানান শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন – বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চেীধুরী, উদীচীর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সিনিয়র সাংবাদিক ও জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি আ,ফ.ম রফিকুল ইসলাম আপেল, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পরিবেশ কর্মী মোঃ অহিদুর রহমান সহ অন্যরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নেত্রকোণার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী কলমাকান্দা উপজেলার হাওরাঞ্চলসহ বিভিন্ন নদী ও জলাশয়ে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি থেকে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত সময় মাছের প্রধান প্রজননকাল। এই সময়টিতে নতুন পানিতে মা মাছ ডিম ছাড়ে। তাই এই সময়ে মাছ ধরা বন্ধ রাখতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
জেলা মৎস্য বিভাগের তথ্যানুযায়ী হাওরে বছরে ২৫ হাজার ৭৬৬ মেট্রিক টন এবং প্লাবনভূমিতে ৩০ হাজার ৯৯৪ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রয় বন্ধ করতে পারলে মাছের উৎপাদন ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টনে পৌঁছাতে পারে বলে জানান বক্তারা।


