ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার

দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে মোবাইল টাওয়ার
নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে, ফলে এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শুরু হওয়া ঝড়ের তীব্রতায় টাওয়ারটি ভেঙে পাশের খালে পড়ে যায়। এতে আশপাশের এলাকার গ্রাহকরা যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সমস্যায় পড়েছেন।

একই সময়ে ঝড়ের কারণে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া বাদৈর ইউনিয়নের একটি সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদেও গাছ পড়ে আংশিক ক্ষতি হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু এলাকায় সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং বাকি কাজ চলমান রয়েছে। ঝড়ে উপজেলাজুড়ে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, জেলার অন্যান্য এলাকাতেও কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়া ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।