চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ

দেশজুড়ে
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ
নিউজ ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এটি চলতি এপ্রিল মাসে অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এক মাসে ৭৯ হাজার টন অকটেন আমদানি হওয়ায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে স্বস্তি তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশে দৈনিক প্রায় ১২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সেই হিসাবে এপ্রিল মাসে আমদানি করা মোট অকটেন দিয়ে দুই মাসের বেশি সময় চাহিদা মেটানো সম্ভব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অপেক্ষায় রয়েছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ জেটিতে ভিড়ে তেল খালাস শুরু করেছে।

তিনি আরও জানান, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে।

তবে ধারাবাহিক আমদানির ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।