চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি চাহিদা পূরণে চীন ও ভারত থেকে আমদানি করা ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ চালান দিয়ে প্রায় চার দিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব হবে।
জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানায়, শুক্রবার বিকেলে লাইবেরিয়ার পতাকাবাহী ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এর পরদিন ভোরে পানামার পতাকাবাহী ‘প্রাইভেট সোলানা’ ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটি। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিং পদ্ধতিতে তেল খালাস চলছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ২০টি জাহাজে করে মোট ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আর মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই চালান দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে বর্তমান দৈনিক গড়ে ১২ হাজার ৫০০ টন চাহিদার প্রেক্ষাপটে।


