গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে
গণপিটুনিতে নিহত ট্রাকচালকের এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

ফরিদপুরে গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছরের কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন শিশুটির খোঁজখবর নিয়ে তার সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে যান। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিশুটির লালন-পালন ও ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে খাদ্যসামগ্রী, খেলনা এবং কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত সহায়তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিহত হান্নান শেখের পরিবার অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের জেরে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও শিশুটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে শিশুটির দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে হত্যা করে। ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।