বাংলাদেশের ভেতরে বিএসএফের ড্রোন, হেফাজতে নিল বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তের ৮৪১/৮ নম্বর সাব পিলার এলাকা থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের সদস্যরা ড্রোনটি উড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাংলাদেশ সীমান্তের ভেতরে প্রায় ১৫ থেকে ২০ গজ দূরে একটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে।
ঘটনাস্থলে কাজ করা এক কৃষক প্রথমে ড্রোনটি দেখতে পান। পরে সীমান্তে বিএসএফ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা ড্রোনটি উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এটি বিজিবির হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্প থেকে ড্রোনটির বিষয়ে যোগাযোগ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


